আমার মনের বাঁধন ঘুচে যাবে যদি ও ভাই রে, থাক্ বাইরে বাঁধন তবে নিরবধি। যদি সাগর যাবার হুকুম থাকে থাক্ তটের বাঁধন বাঁকে বাঁকে, তবে বাঁধে বাঁধে গান গাবে নদী ভাই রে ।।
তোমার হল শুরু, আমার হল সারা-- তোমায় আমায় মিলে এমনি বহে ধারা ॥ তোমার জ্বলে বাতি তোমার ঘরে সাথি-- আমার তরে রাতি, আমার তরে তারা ॥ তোমার আছে ডাঙা, আমার আছে জল-- তোমার বসে থাকা, আমার চলাচল। তোমার হাতে রয়, আমার হাতে ক্ষয়-- তোমার মনে ভয়, আমার ভয় হারা ॥
আমার খেলা যখন ছিল তোমার সনে তখন কে তুমি তা কে জানত। তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত ॥ তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত যেন আমার আপন সখার মতো, হেসে তোমার সাথে ফিরেছিলেম ছুটে সে দিন কত-না বন-বনান্ত ॥ ওগো, সেদিন তুমি গাইতে যে-সব গান কোনো অর্থ তাহার কে জানত। শুধু সঙ্গে তারি গাইত আমার প্রাণ, সদা নাচত হৃদয় অশান্ত। হঠাৎ খেলার শেষে আজ কী দেখি ছবি-- স্তব্ধ আকাশ, নীরব শশী রবি, তোমার চরণ-পানে নয়ন করি নত ভুবন দাঁড়িয়ে আছে একান্ত ॥