আমার পরান যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। তোমা ছাড়া আর এ জগতে মোর, কেহ নাই কিছু নাই গো। তুমি সুখ যদি নাহি পাও, যাও, সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে, আর কিছু নাহি চাই গো। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আর কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস, তবে, তুমি যাহা চাও, তাই যেন পাও, আমি যত দুখ পাই গো।
ক্ষমা কর মোরে তাত, আমি যে পাতকী ঘোর, না জেনে হয়েছি দোষী, মার্জ্জনা নাহি কি মোর! ও! সহে না যাতনা আর, শান্তি পাইব কোথায়-- তুমি কৃপা না করিলে নাহি যে কোন উপায়! আমি দীন হীন অতি-- ক্ষম ক্ষম কাতরে, প্রভু হে, করহ ত্রাণ এ পাপের পাথারে। কাফি-- আড়াঠেকা
পথে চলে যেতে যেতে কোথা কোন্খানে তোমার পরশ আসে কখন কে জানে ॥ কী অচেনা কুসুমের গন্ধে, কী গোপন আপন আনন্দে, কোন্ পথিকের কোন্ গানে ॥ সহসা দারুণ দুখতাপে সকল ভুবন যবে কাঁপে, সকল পথের ঘোচে চিহ্ন সকল বাঁধন যবে ছিন্ন মৃত্যু-আঘাত লাগে প্রাণে-- তোমার পরশ আসে কখন কে জানে ॥