তারে দেখাতে পারি নে কেন প্রাণ। (খুলে গো) কেন বুঝাতে পারি নে হৃদয়-বেদনা। কেমনে সে হেসে চলে যায়, কোন্ প্রাণে ফিরেও না চায়, এত সাধ এত প্রেম করে অপমান। এত ব্যথাভরা ভালোবাসা, কেহ দেখে না, প্রাণে গোপনে রহিল। এ প্রেম কুসুম যদি হত, প্রাণ হতে ছিঁড়ে লইতাম, তার চরণে করিতাম দান, বুঝি সে তুলে নিত না, শুকাত অনাদরে, তবু তার সংশয় হত অবসান।
ওগো পুরবাসী, আমি দ্বারে দাঁড়ায়ে আছি উপবাসী॥ হেরিতেছি সুখমেলা, ঘরে ঘরে কত খেলা, শুনিতেছি সারা বেলা সুমধুর বাঁশি॥ চাহি না অনেক ধন, রব না অধিক ক্ষণ, যেথা হতে আসিয়াছি সেথা যাব ভাসি-- তোমরা আনন্দে রবে নব নব উৎসবে, কিছু ম্লান নাহি হবে গৃহভরা হাসি॥