পথিক পরান, চল্, চল্ সে পথে তুই যে পথ দিয়ে গেল রে তোর বিকেলবেলার জুঁই॥ সে পথ বেয়ে গেছে যে তোর সন্ধ্যামেঘের সোনা, প্রাণের ছায়াবীথির তলে গানের আনাগোনা-- রইল না কিছুই॥ যে পথে তার পাপড়ি দিয়ে বিছিয়ে গেল ভুঁই, পথিক পরান, চল্, চল্ সে পথে তুই। অন্ধকারে সন্ধ্যাযূথীর স্বপনময়ী ছায়া উঠবে ফুটে তারার মতো কায়াবিহীন মায়া-- ছুঁই তারে না ছুঁই॥
সব কিছু কেন নিল না, নিল না, নিল না ভালোবাসা-- ভালো আর মন্দেরে। আপনাতে কেন মিটাল না যত কিছু দ্বন্দ্বেরে-- ভালো আর মন্দেরে। নদী নিয়ে আসে পঙ্কিল জলধারা, সাগরহৃদয়ে গহনে হয় হারা। ক্ষমার দীপ্তি দেয় স্বর্গের আলো প্রেমের আনন্দেরে-- ভালো আর মন্দেরে॥