আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, সখীর হৃদয় কুসুম-কোমল-- কার অনাদরে আজি ঝরে যায়। কেন কাছে আস, কেন মিছে হাস, কাছে যে আসিত সে তো আসিতে না চায়। সুখে আছে যারা, সুখে থাক্ তারা, সুখের বসন্ত সুখে হোক সারা, দুখিনী নারীর নয়নের নীর সুখী জনে যেন দেখিতে না পায়। তারা দেখেও দেখে না, তারা বুঝেও বোঝে না, তারা ফিরেও না চায়।
তুমি কোন্ ভাঙনের পথে এলে সুপ্তরাতে। আমার ভাঙল যা তা ধন্য হল চরণপাতে॥ আমি রাখব গেঁথে তারে রক্তমণির হারে, বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে॥ তুমি কোলে নিয়েছিলে সেতার, মীড় দিলে নিষ্ঠুর করে-- ছিন্ন যবে হল তার ফেলে গেলে ভূমি-'পরে। নীরব তাহারি গান আমি তাই জানি তোমারি দান-- ফেরে সে ফাল্গুন-হাওয়ায়-হাওয়ায় সুরহারা মূর্ছনাতে॥