ডেকো না আমারে ডেকো না—ডেকো না চলে যে এসেছে মনে তারে রেখো না। আমার বেদনা আমি নিয়ে এসেছি, মূল্য নাহি চাই যে ভালো বেসেছি। কৃপাকনা দিয়ে আঁখিকোনে ফিরে দেখো না। আমার দুঃখ-জোয়ারের জলস্রোতে। নিয়ে যাবে মোরে সব লাঞ্ছনা হতে। দূরে যাব যবে সরে তখন চিনিবে মোরে— অবহেলা তব ছলনা দিয়ে ঢেকো না॥
হে অনাদি অসীম সুনীল অকূল সিন্ধু, আমি ক্ষুদ্র অশ্রুবিন্দু তোমার শীতল অতলে ফেলো গো গ্রাসি, তার পরে সব নীরব শান্তিরাশি– তার পরে শুধু বিষ্মৃতি আর ক্ষমা– শুধাব না আর কখন্ আসিবে অমা, কখন্ গগনে উদিবে পূর্ণ ইন্দু।।
বিধি ডাগর আঁখি যদি দিয়েছিল সে কি আমারি পানে ভুলে পড়িবে না॥ দুটি অতুল পদতলে রাতুল শতদল জানি না কী লাগিয়া পরশে ধরাতল, মাটির 'পরে তার করুণা মাটি হল--সে পদ মোর পথে চলিবে না? তব কণ্ঠ 'পরে হয়ে দিশাহারা বিধি অনেক ঢেলেছিল মধুধারা। যদি ও মুখ মনোরম শ্রবণে রাখি মম নীরবে অতি ধীরে ভ্রমরগীতিসম দু কথা বল যদি 'প্রিয়' বা 'প্রিয়তম', তাহে তো কণা মধু ফুরাবে না। হাসিতে সুধানদী উছলে নিরবধি, নয়নে ভরি উঠেঅমৃতমহোদধি-- এত সুধা কেন সৃজিল বিধি, যদিআমারি তৃষাটুকু পুরাবে না॥