এবার দুঃখ আমার অসীম পাথার পার হল যে, পার হল। তোমার পায়ে এসে ঠেকল শেষে, সকল সুখের সার হল ॥ এত দিন নয়নধারা বয়েছে বাঁধনহারা, কেন বয় পাই নি যে তার কূলকিনারা-- আজ গাঁথল কে সেই অশ্রুমালা, তোমার গলার হার হল ॥ তোমার সাঁঝের তারা ডাকল আমায় যখন অন্ধকার হল। বিরহের ব্যথাখানি খুঁজে তো পায় নি বাণী, এত দিন নীরব ছিল শরম মানি-- আজ পরশ পেয়ে উঠল গেয়ে, তোমার বীণার তার হল ॥
অহো আস্পর্ধা এ কী তোদের নরাধম! তোদের কারেও চাহি নে আর আর না রে-- দূর দূর দূর,আমারে আর ছুঁস নে। এ-সব কাজ আর না,এ পাপ আর না, আর না আর না, ত্রাহি,সব ছাড়িনু!
আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে। বলে শুধু, বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে ॥ আমি যে তোর আলোর ছেলে, আমার সামনে দিলি আঁধার মেলে, মুখ লুকালি-- মরি আমি সেই খেদে ॥ অন্ধকারে অস্তরবির লিপি লেখা, আমারে তার অর্থ শেখা। তোর প্রাণের বাঁশির তান সে নানা সেই আমারই ছিল জানা, আজ মরণ-বীণার অজানা সুর নেব সেধে ॥