আমরা পথে পথে যাব সারে সারে, তোমার নাম গেয়ে ফিরিব দ্বারে দ্বারে ॥ বলব "জননীকে কে দিবি দান, কে দিবি ধন তোরা কে দিবি প্রাণ'-- "তোদের মা ডেকেছে' কব বারে বারে ॥ তোমার নামে প্রাণের সকল সুর আপনি উঠবে বেজে সুধামধুর মোদের হৃদয়যন্ত্রেরই তারে তারে। বেলা গেলে শেষে তোমারই পায়ে এনে দেব সবার পূজা কুড়ায়ে তোমার সন্তানেরই দান ভারে ভারে ॥
যাও যদি যাও তবে তোমায় ফিরিতে হবে। ব্যর্থ চোখের জলে আমি লুটাব না ধূলিতলে, বাতি নিবায়ে যাব না যাব না মোর জীবনের উৎসবে। মোর সাধনা ভীরু নহে, শক্তি আমার হবে মুক্ত দ্বার যদি রুদ্ধ রহে। বিমুখ মুহূর্তেরে করি না ভয়-- হবে জয়, হবে জয়, হবে জয়, দিনে দিনে হৃদয়ের গ্রন্থি তব খুলিব প্রেমের গৌরবে॥