ওকি সখা, কেন মোরে কর তিরস্কার! একটু বসি বিরলে কাঁদিব যে মন খুলে তাতেও কী আমি বলো করিনু তোমার। মুছাতে এ অশ্রুবারি বলি নি তোমায়, একটু আদরের তরে ধরি নি তো পায়-- তবে আর কেন, সখা, এমন বিরাগ-মাখা ভ্রূকুটি এ ভগ্নবুকে হানো বার বার জানি জানি এ কপাল ভেঙেছে যখন অশ্রুবারি পারিবে না গলাতে ও মন-- পথের পথিকও যদি মোরে হেরি যায় কাঁদি তবুও অটল রবে হৃদয় তোমার॥
আর নাই রে বেলা, নামল ছায়া ধরণীতে। এখন চল্ রে ঘাটে কলসখানি ভরে নিতে। জলধারার কলস্বরে সন্ধ্যাগগন আকুল করে, ওরে, ডাকে আমায় পথের 'পরে সেই ধ্বনিতে॥ এখন বিজন পথে করে না কেউ আসা যাওয়া ওরে, প্রেমনদীতে উঠেছে ঢেউ, উতল হাওয়া জানি নে আর ফিরব কিনা, কার সাথে আজ হবে চিনা-- ঘাটে সেই অজানা বাজায় বীণা তরণীতে॥