ও অকূলের কূল, ও অগতির গতি, ও অনাথের নাথ, ও পতিতের পতি। ও নয়নের আলো, ও রসনার মধু, ও রতনের হার, ও পরানের বঁধু। ও অপরূপ রূপ, ও মনোহর কথা, ও চরমের সুখ, ও মরমের ব্যথা। ও ভিখারির ধন, ও অবোলার বোল-- ও জনমের দোলা, ও মরণের কোল ॥
ওই মধুর মুখ জাগে মনে। ভুলিব না এ জীবনে, কী স্বপনে কী জাগরণে॥ তুমি জান বা না জান মনে সদা যেন মধুর বাঁশরি বাজে-- হৃদয়ে সদা আছে ব'লে। আমি প্রকাশিতে পারি নে, শুধু চাহি কাতর নয়নে॥