তোমার বাস কোথা-যে পথিক ওগো, দেশে কি বিদেশে। তুমি হৃদয়-পূর্ণ-করা ওগো, তুমিই সর্বনেশে॥ 'আমার বাস কোথা-যে জান নাকি, শুধাতে হয় সে কথা কি, ও মাধবী, ও মালতী!' হয়তো জানি, হয়তো জানি, হয়তো জানি নে, মোদের বলে দেবে কে সে। মনে করি, আমার তুমি, বুঝি নও আমার। বলো বলো, বলো পথিক, বলো তুমি কার। 'আমি তারি যে আমারে যেমনি দেখে চিনতে পারে, ও মাধবী, ও মালতী!' হয়তো চিনি, হয়তো চিনি, হয়তো চিনি নে, মোদের বলে দেবে কে সে॥
দুঃখ যে তোর নয় রে চিরন্তন-- পার আছে রে এই সাগরের বিপুল ক্রন্দন ॥ এই জীবনের ব্যথা যত এইখানে সব হবে গত, চিরপ্রাণের আলয়-মাঝে অনন্ত সান্ত্বন ॥ মরণ যে তোর নয় রে চিরন্তন-- দুয়ার তাহার পেরিয়ে যাবি, ছিঁড়বে রে বন্ধন। এ বেলা তোর যদি ঝড়ে পূজার কুসুম ঝ'রে পড়ে, যাবার বেলায় ভরবে থালায় মালা ও চন্দন ॥