মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে– যাওয়া-আসার কান্নাহাসি হাওয়ায় সেথা বেড়ায় ভেসে । যায় যে জনা সেই শুধু যায়, ফুল ফোটা তো ফুরোয় না হায়– ঝরবে যে ফুল সেই কেবলই ঝরে পড়ে বেলাশেষে ।। যখন আমি ছিলেম কাছে তখন কত দিয়েছি গান– এখন আমার দূরে যাওয়া, এরও কি গো নাই কোনো দান । পুষ্পবনের ছায়ায় ঢেকে এই আশা তাই গেলেম রেখে– আগুন-ভরা ফাগুনকে তোর কাঁদায় যেন আষাঢ় এসে ।।
পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা। শুধু বাঁশি তোমার বাজালে তার পরান মাঝে ওগো নবীন রাজা ॥ মন্ত্র যে তার লাগল প্রাণে মোহন গানে হায়, বিকশিয়া উঠল হিয়া নবীন সাজে ওগো নবীন রাজা ॥ তোমার রঙে দিলে তুমি রাঙিয়া ও তার আঙিয়া ওগো নবীন রাজা। তোমার মালা দিলে গলে খেলার ছলে হায়-- তোমার সুরে সুরে তাহার বীণা বাজে ওগো নবীন রাজা ॥