আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও ॥ যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও। বিশ্বহৃদয়-হতে-ধাওয়া আলোয়-পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও ॥ আজ নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-- তার নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান। তারে আনন্দের এই জাগরণী ছুঁই'য়ে দাও। বিশ্বহৃদয়-হতে-ধাওয়া প্রাণে-পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও ॥
শুভদিনে এসেছে দোঁহে চরণে তোমার, শিখাও প্রেমের শিক্ষা, কোথা যাবে আর॥ যে প্রেম সুখেতে কভু মলিন না হয়, প্রভু, যে প্রেম দুঃখেতে ধরে উজ্জ্বল আকার॥ যে প্রেম সমান ভাবে রবে চিরদিন, নিমেষে নিমেষে যাহা হইবে নবীন। যে প্রেমের শুভ্র হাসি প্রভাতকিরণরাশি, যে প্রেমের অশ্রুজল শিশির উষার॥ যে প্রেমের পথ গেছে অমৃতসদনে সে প্রেম দেখায়ে দাও পথিক-দুজনে। যদি কভু শ্রান্ত হয় কোলে নিয়ো দয়াময়-- যদি কভু পথ ভোলে দেখায়ো আবার॥