কেন সারা দিন ধীরে ধীরে বালু নিয়ে শুধু খেলো তীরে॥ চলে গেল বেলা, রেখে মিছে খেলা ঝাঁপ দিয়ে পড়ো কালো নীরে। অকূল ছানিয়ে যা পাও তা নিয়ে হেসে কেঁদে চলো ঘরে ফিরে॥ নাহি জানি মনে কী বাসিয়া পথে বসে আছে কে আসিয়া। কী কুসুমবাসে ফাগুনবাতাসে হৃদয় দিতেছে উদাসিয়া। চল্ ওরে এই খ্যাপা বাতাসেই সাথে নিয়ে সেই উদাসীরে॥
তুমি কোন্ পথে যে এলে পথিক আমি দেখি নাই তোমারে। হঠাৎ স্বপন-সম দেখা দিলে বনেরই কিনারে॥ ফাগুনে যে বাণ ডেকেছে মাটির পাথারে। তোমার সবুজ পালে লাগল হাওয়া, এলে জোয়ারে। ভেসে এলে জোয়ারে-- যৌবনের জোয়ারে॥ কোন্ দেশে যে বাসা তোমার কে জানে ঠিকানা। কোন্ গানের সুরের পারে তার পথের নাই নিশানা। তোমার সেই দেশেরই তরে আমার মন যে কেমন করে-- তোমার মালার গন্ধে তারি আভাস আমার প্রাণে বিহারে॥