ডেকো না আমারে,ডেকো না, ডেকো না। চলে যে এসেছে মনে তারে রেখো না ॥ আমার বেদনা আমি নিয়ে এসেছি, মূল্য নাহি চাই যে ভালোবেসেছি, কৃপাকণা দিয়ে আঁখিকোণে ফিরে দেখো না ॥ আমার দুঃখজোয়ারের জলস্রোতে নিয়ে যাবে মোরে সব লাঞ্ছনা হতে। দূরে যাব যবে সরে তখন চিনিবে মোরে-- আজ অবহেলা ছলনা দিয়ে ঢেকো না ॥
সে কোন্ বনের হরিণ ছিল আমার মনে। কে তারে বাঁধল অকারণে॥ গতিরাগের সে ছিল গান, আলোছায়ার সে ছিল প্রাণ, আকাশকে সে চমকে দিত বনে মেঘলা দিনের আকুলতা বাজিয়ে যেত পায়ে তমাল ছায়ে-ছায়ে। ফাল্গুনে সে পিয়ালতলায় কে জানিত কোথায় পলায় দখিন-হাওয়ার চঞ্চলতার সনে॥