আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে সারা প্রহর আমার বুকের মাঝে॥ দিঘির কালো জলের 'পরে মেঘের ছায়া ঘনিয়ে ধরে, বাতাস বহে যুগান্তরের প্রাচীন বেদনা যে সারা প্রহর আমার বুকের মাঝে॥ আঁধার বাতায়নে একলা আমার কানাকানি ওই আকাশের সনে। ম্লানস্মৃতির বাণী যত পল্লবমর্মরের মতো সজল সুরে ওঠে জেগে ঝিল্লিমুখর সাঁঝে সারা প্রহর আমার বুকের মাঝে॥
বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল-- পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান ॥ বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ-- পূর্ণ হউক, পূর্ণ হউক, পূর্ণ হউক হে ভগবান ॥ বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা-- সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান ॥ বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন-- এক হউক, এক হউক, এক হউক হে ভগবান ॥