জানি জানি তোমার প্রেমে সকল প্রেমের বাণী মেশে, আমি সেইখানেতেই মুক্তি খুঁজি দিনের শেষে ॥ সেথায় প্রেমের চরম সাধন, যায় খসে তার সকল বাঁধন-- মোর হৃদয়পাখির গগন তোমার হৃদয়দেশে ॥ ওগো, জানি আমার শ্রান্ত দিনের সকল ধারা তোমার গভীর রাতের শান্তিমাঝে ক্লান্তিহারা। আমার দেহে ধরার পরশ তোমার সুধায় হল সরস-- আমার ধুলারই ধন তোমার মাঝে নূতন বেশে ॥
এবার উজাড় করে লও হে আমার যা-কিছু সম্বল। ফিরে চাও, ফিরে চাও, ফিরে চাও ওগো চঞ্চল॥ চৈত্ররাতের বেলায় নাহয় এক প্রহরের খেলায় আমার স্বপনস্বরূপিনী প্রাণে দাও পেতে অঞ্চল। যদি এই ছিল গো মনে, যদি পরম দিনের স্মরণ ঘুচাও চরম অযতনে, তবে ভাঙা খেলার ঘরে নাহয় দাঁড়াও ক্ষণেক-তরে---- সেথা ধুলায় ধুলায় ছড়াও হেলায় ছিন্ন ফুলের দল।
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে ॥ জানি নে তোর ধনরতন আছে কি না রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে ॥ কোন্ বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন্ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে ॥