আমার মন, যখন জাগলি না রে ও তোর মনের মানুষ এল দ্বারে। তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙল রে ঘুম-- ও তোর ভাঙল রে ঘুম অন্ধকারে ॥ মাটির 'পরে আঁচল পাতি একলা কাটে নিশীথরাতি। তার বাঁশি বাজে আঁধার-মাঝে, দেখি না যে চক্ষে তারে ॥ ওরে, তুই যাহারে দিলি ফাঁকি খুঁজে তারে পায় কি আঁখি? এখন পথে ফিরে পাবি কি রে ঘরের বাহির করলি যারে?।
পথ চেয়ে যে কেটে গেল কত দিনে রাতে, আজ তোমায় আমায় প্রাণের বঁধু মিলব গো এক সাথে ॥ রচবে তোমার মুখের ছায়া চোখের জলে মধুর মায়া, নীরব হয়ে তোমার পানে চাইব গো জোড় হাতে ॥ এরা সবাই কী বলে গো লাগে না মন আর, আমার হৃদয় ভেঙে দিল তোমার কী মাধুরীর ভার! বাহুর ঘেরে তুমি মোরে রাখবে না কি আড়াল করে, তোমার আঁখি চাইবে না কি আমার বেদনাতে?।