রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা-- মন যে কেমন করে, হল দিশাহারা। যেন কে গিয়েছে ডেকে, রজনীতে সে কে দ্বারে দিল নাড়া-- রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা॥ বঁধু দয়া করো, আলোখানি ধরো হৃদয়ে। আধো-জাগরিত তন্দ্রার ঘোরে আঁখি জলে যায় যে ভ'রে। স্বপনের তলে ছায়াখানি দেখে মনে মনে ভাবি এসেছিল সে কে-- রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা॥
বরিষ ধরা-মাঝে শান্তির বারি শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্বমুখে নরনারী ॥ না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোকপরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি ॥ কেন এ হিংসাদ্বেষ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান-অভিমান। বিতর' বিতর' প্রেম পাষাণহৃদয়ে, জয় জয় হোক তোমারি ॥