বাকি আমি রাখব না কিছুই-- তোমার চলার পথে পথে ছেয়ে দেব ভূঁই॥ ওগো মোহন, তোমার উত্তরীয় গন্ধে আমার ভরে নিয়ো, উজাড় করে দেব পায়ে বকুল বেলা জুঁই॥ দখিনসাগর পার হয়ে-যে এলে পথিক তুমি। আমার সকল দেব অতিথিরে আমি বনভূমি। আমার কুলায়-ভরা রয়েছে গান, সব তোমারেই করেছি দান-- দেবার কাঙাল করে আমায় চরণ যখন ছুঁই॥
এতদিন পরে, সখী, সত্য সে কি হেথা ফিরে এল। দীনবেশে ম্লানমুকে কেমনে অভাগিনী যাবে তার কাছে সখী রে। শরীর হয়েছে ক্ষীণ, নয়ন জ্যোতিহীন-- সবই গেছে কিছু নাই-- রূপ নাই, হাসি নাই-- সুখ নাই, আশা নাই -- সে আমি আর আমি নাই-- না যদি চেনে সে মোরে তা হলে কী হবে॥
কোথায় সে উষাময়ী প্রতিমা। তুমি তো নহ সে দেবী, কমলাসনা, ক'রো না আমারে ছলনা। কী এনেছ ধন মান, তাহা যে চাহে না প্রাণ। দেবী গো,চাহি না চাহি না,মণিময় ধূলিরাশি চাহি না, তাহা লয়ে সুখী যারা হয় হোক,হয় হোক-- আমি,দেবী,সে সুখ চাহি না। যাও লক্ষ্মী অলকায়,যাও লক্ষ্মী অমরায়, এ বনে এসো না এসো না, এসো না এ দীনজন-কুটিরে। যে বীণা শুনেছি কানে,মন প্রাণ আছে ভোর, আর কিছু চাহি না চাহি না।