আমার পরান লয়ে কী খেলা খেলাবে ওগো পরানপ্রিয় কোথা হতে ভেসে কূলে লেগেছে চরণমূলে তুলে দেখিয়ো ॥ এ নহে গো তৃণদল, ভেসে আসা ফুলফল-- এ যে ব্যথাভরা মন মনে রাখিয়ো ॥ কেন আসে কেন যায় কেহ না জানে। কে আসে কাহার পাশে কিসের টানে। রাখ যদি ভালোবেসে চিরপ্রাণ পাইবে সে, ফেলে যদি যাও তবে বাঁচিবে কি ও॥
আমার নাইবা হল পারে যাওয়া। যে হাওয়াতে চলত তরী অঙ্গেতে সেই লাগাই হাওয়া ॥ নেই যদি বা জমল পাড়ি ঘাট আছে তো বসতে পারি। আমার আশার তরী ডুবল যদি দেখব তোদের তরী-বাওয়া ॥ হাতের কাছে কোলের কাছে যা আছে সেই অনেক আছে। আমার সারা দিনের এই কি রে কাজ-- ওপার-পানে কেঁদে চাওয়া। কম কিছু মোর থাকে হেথা পুরিয়ে নেব প্রাণ দিয়ে তা। আমার সেইখানেতেই কল্পলতা যেখানে মোর দাবি-দাওয়া ॥