সখী, ওই বুঝি বাঁশি বাজে-- বনমাঝে কি মনোমাঝে॥ বসন্তবায় বহিছে কোথায়, কোথায় ফুটেছে ফুল, বলো গো সজনি, এ সুখরজনী কোন্খানে উদিয়াছে-- বনমাঝে কি মনোমাঝে॥ যাব কি যাব না মিছে এ ভাবনা, সখী, মিছে মরি লোকলাজে। কে জানে কোথা সে বিরহহুতাশে ফিরে অভিসারসাজে-- বনমাঝে কি মনোমাঝে
মা গো, এতদিনে মনে হচ্ছে যেন টলেছে আসন তাঁহার। ওই আসছে, আসছে, আসছে। যা বহু দূরে, যা লক্ষ যোজন দূরে, যা চন্দ্রসূর্য পেরিয়ে, ওই আসছে, আসছে, আসছে-- কাঁপছে আমার বক্ষ ভূমিকম্পে।