এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে॥ বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়-- এ কী গো বিস্ময়। অবাক আমি তরুণ গলার গান শুনে॥ গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরী, কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী। তরুণ হাসির আড়ালে কোন্ আগুন ঢাকা রয়-- এ কী গো বিস্ময়। অস্ত্র তোমার গোপন রাখ কোন্ তূণে॥
পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা। শুধু বাঁশি তোমার বাজালে তার পরান মাঝে ওগো নবীন রাজা ॥ মন্ত্র যে তার লাগল প্রাণে মোহন গানে হায়, বিকশিয়া উঠল হিয়া নবীন সাজে ওগো নবীন রাজা ॥ তোমার রঙে দিলে তুমি রাঙিয়া ও তার আঙিয়া ওগো নবীন রাজা। তোমার মালা দিলে গলে খেলার ছলে হায়-- তোমার সুরে সুরে তাহার বীণা বাজে ওগো নবীন রাজা ॥
তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে, আমার প্রাণে নইলে সে কি কোথাও ধরবে?। এই-যে আলো সূর্য গ্রহে তারায় ঝ'রে পড়ে শতলক্ষ ধারায়, পূর্ণ হবে এ প্রাণ যখন ভরবে ॥ তোমার ফুলে যে রঙ ঘুমের মতো লাগল আমার মনে লেগে তবে সে যে জাগল গো। যে প্রেম কাঁপায় বিশ্ববীণায় পুলকে সঙ্গীতে সে উঠবে ভেসে পলকে যে দিন আমার সকল হৃদয় হরবে ॥