আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে যখন বৃষ্টি নামল তিমিরনিবিড় রাতে। দিকে দিকে সঘন গগন মত্ত প্রলাপে প্লাবন-ঢালা শ্রাবণধারাপাতে সে দিন তিমিরনিবিড় রাতে॥ আমার স্বপ্নস্বরূপ বাহির হয়ে এল, সে যে সঙ্গ পেল আমার সুদূর পারের স্বপ্নদোসর-সাথে সে দিন তিমিরনিবিড় রাতে॥ আমার দেহের সীমা গেল পারায়ে-- ক্ষুব্ধ বনের মন্দ্ররবে গেল হারায়ে। মিলে গেল কুঞ্জবীথির সিক্ত যূথীর গন্ধে মত্তহাওয়ার ছন্দে, মেঘে মেঘে তড়িৎশিখার ভুজঙ্গপ্রয়াতে সে দিন তিমিরনিবিড় রাতে॥
যেতে যদি হয় হবে-- যাব, যাব, যাব তবে ॥ লেগেছিল কত ভালো এই-যে আঁধার আলো-- খেলা করে সাদা কালো উদার নভে। গেল দিন ধরা-মাঝে কত ভাবে, কত কাজে, সুখে দুখে কভু লাজে, কভু গরবে ॥ প্রাণপণে কত দিন শুধেছি কঠিন ঋণ, কখনো বা উদাসীন ভুলেছি সবে। কভু ক'রে গেনু খেলা, স্রোতে ভাসাইনু ভেলা, আনমনে কত বেলা কাটানু ভবে ॥ জীবন হয় নি ফাঁকি, ফলে ফুলে ছিল ঢাকি, যদি কিছু রহে বাকি কে তাহা লবে! দেওয়া-নেওয়া যাবে চুকে, বোঝা-খসে-যাওয়া বুকে যাব চলে হাসিমুখে-- যাব নীরবে ॥