যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। ঝড় এসেছে, ওরে, এবার ঝড়কে পেলেম সাথি। আকাশ-কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি। যে পথ দিয়ে যেতেছিলেম ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে। বুঝি বা এই বজ্ররবে নূতন পথের বার্তা কবে, কোন্ পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতি।
ওগো সখী, দেখি, দেখি মন কোথা আছে। কত কাতর হৃদয় ঘুরে ঘুরে, হেরো কারে যাচে। কী মধু কী সুধা কী সৌরভ, কী রূপ রেখেছ লুকায়ে। কোন্ প্রভাতে কোন্ রবির আলোকে দিবে খুলিয়ে কাহার কাছে। সে যদি না আসে এ জীবনে, এ কাননে পথ না পায়! যারা এসেছে তারা বসন্ত ফুরালে নিরাশ প্রাণে ফেরে পাছে!
এ পথে আমি-যে গেছি বার বার, ভুলি নি তো এক দিনও। আজ কি ঘুচিল চিহ্ন তাহার, উঠিল বনের তৃণ॥ তবু মনে মনে জানি নাই ভয়, অনুকূল বায়ু সহসা যে বয়-- চিনিব তোমায় আসিবে সময়, তুমি যে আমায় চিন॥ একেলা যেতাম যে প্রদীপ হাতে নিবেছে তাহার শিখা। তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লিখা। পথের ধারেতে ফুটিল যে ফুল জানি জানি তারা ভেঙে দেবে ভুল-- গন্ধে তাদের গোপন মৃদুল সঙ্কেত আছে লীন॥