তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই, কতই কী চাই-- দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই ॥ সে-সব চাওয়া সুখে দুখে ভেসে বেড়ায় কেবল মুখে, গভীর বুকে যে চাওয়াটি গোপন তাহার কথা যে নাই ॥ বাসনা সব বাঁধন যেন কুঁড়ির গায়ে-- ফেটে যাবে, ঝরে যাবে দখিন-বায়ে। একটি চাওয়া ভিতর হতে ফুটবে তোমার ভোর-আলোতে প্রাণের স্রোতে-- অন্তরে সেই গভীর আশা বয়ে বেড়াই ॥
কী ফুল ঝরিল বিপুল অন্ধকারে। গন্ধ ছড়ালো ঘুমের প্রান্তপারে॥ একা এসেছিল ভুলে অন্ধরাতের কূলে অরুণ-আলোর বন্দনা করিবারে। ক্ষীণ দেহে মরি মরি সে যে নিয়েছিল বরি অসীম সাহসে নিষ্ফল সাধনারে॥ কী যে তার রূপ দেখা হল না তো চোখে, জানি না কী নামে স্মরণ করিব ওকে। আঁধারে যাহারা চলে সেই তারাদের দলে এসে ফিরে গেল বিরহের ধারে ধারে। করুণ মাধুরীখানি কহিতে জানে না বাণী কেন এসেছিল রাতের বন্ধ দ্বারে॥