মধুর, তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ-- ভুবন জুড়ে রইল লেগে আনন্দ-আবেশ ॥ দিনান্তের এই এক কোনাতে সন্ধ্যামেঘের শেষ সোনাতে মন যে আমার গুঞ্জরিছে কোথায় নিরুদ্দেশ ॥ সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার 'পরে অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। এই গোধুলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায় শুনি বনে বনান্তরে অসীম গানের রেশ ॥
কে ডাকে। আমি কভু ফিরে নাহি চাই। কত ফুল ফুটে উঠে, কত ফুল যায় টুটে, আমি শুধু বহে চলে যাই॥ পরশ পুলকরস-ভরা রেখে যাই, নাহি দিই ধরা। উড়ে আসে ফুলবাস, লতাপাতা ফেলে শ্বাস, বনে বনে উঠে হা-হুতাশ-- চকিতে শুনিতে শুধু পাই। চ'লে যাই॥