কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে। লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গোপন, ওগো, তায় জাগাইনু রে॥ পোষ মেনেছে হাতের তলে যা বলাই সে তেমনি বলে-- দীর্ঘ দিনের মৌন তাহার আজ ভাগাইনু রে॥ অচল ছিল, সচল হয়ে ছুটেছে ওই জগৎ-জয়ে-- নির্ভয়ে আজ দুই হাতে তার রাশ বাগাইনু রে॥
গান আমার যায় ভেসে যায়---- চাস্ নে ফিরে, দে তারে বিদায়॥ সে যে দখিনহাওয়ায় মুকুল ঝরা, ধুলার আঁচল হেলায় ভরা, সে যে শিশির-ফোঁটার মালা গাঁথা বনের আঙিনায়॥ কাঁদন-হাসির আলোছায়া সারা অলস বেলা-- মেঘের গায়ে রঙের মায়া, খেলার পরে খেলা। ভুলে-যাওয়ার বোঝাই ভরি গেল চলে কতই তরী-- উজান বায়ে ফেরে যদি কে রয় সে আশায়॥