চেনা ফুলের গন্ধস্রোতে ফাগুন-রাতের অন্ধকারে চিত্তে আমার ভাসিয়ে আনে নিত্যকালের অচেনারে॥ একদা কোন্ কিশোর-বেলায় চেনা চোখের মিলন-মেলায় সেই তো খেলা করেছিল কান্নাহাসির ধারে ধারে॥ তারি ভাষার বাণী নিয়ে প্রিয়া আমার গেছে ডেকে, তারি বাঁশির ধ্বনি সে যে বিরহে মোর গেছে রেখে। পরিচিত নামের ডাকে তার পরিচয় গোপন থাকে, পেয়ে যারে পাই নে তারি পরশ পাই যে বারে বারে॥
যদি তোর ভাবনা থাকে ফিরে যা-না। তবে তুই ফিরে যা-না। যদি তোর ভয় থাকে তো করি মানা ॥ যদি তোর ঘুম জড়িয়ে থাকে গায়ে ভুলবি যে পথ পায়ে পায়ে, যদি তোর হাত কাঁপে তো নিবিয়ে আলো সবারে করবি কানা ॥ যদি তোর ছাড়তে কিছু না চাহে মন করিস ভারী বোঝা আপন-- তবে তুই সইতে কভু পারবি নে রে এ বিষম পথের টানা ॥ যদি তোর আপনা হতে অকারণে সুখ সদা না জাগে মনে তবে তুই তর্ক ক'রে সকল কথা করিবি নানাখানা ॥