আমার মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে॥ কোন্ অনেক দূরে উদাস সুরে আভাস যে কার পাই রে-- আছে-আছে নাই রে॥ আমার দুই আঁখি হল হারা, কোন্ গগনে খোঁজে কোন্ সন্ধ্যাতারা। কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, কাঁপে হৃদয় তাই রে-- গুন্গুনিয়ে গাই রে॥
এ তো খেলা নয়, খেলা নয়। এ যে হৃদয়-দহন-জ্বালা, সখী। এ যে, প্রাণভরা ব্যাকুলতা, গোপন মর্মের ব্যথা, এ যে, কাহার চরণোদ্দেশে জীবন মরণ ঢালা। কে যেন সতত মোরে ডাকিয়ে আকুল করে, যাই যাই করে প্রাণ, যেতে পারি নে। যে কথা বলিতে চাহি, তা বুঝি বলিতে নাহি, কোথায় নামায়ে রাখি, সখী, এ প্রেমের ডালা। যতনে গাঁথিয়ে শেষে, পরাতে পারি নে মালা।