আমি তোমায় যত শুনিয়েছিলাম গান তার বদলে আমি চাই নে কোনো দান ॥ ভুলবে সে গান যদি নাহয় যেয়ো ভুলে উঠবে যখন তারা সন্ধ্যসাগরকূলে, তোমার সভায় যবে করব অবসান এই ক'দিনের শুধু এই ক'টি মোর তান ॥ তোমার গান যে কত শুনিয়েছিলে মোরে সেই কথাটি তুমি ভুলবে কেমন করে? সেই কথাটি, কবি, পড়বে তোমার মনে বর্ষামুখর রাতে, ফাগুন-সমীরণে-- এইটুকু মোর শুধু রইল অভিমান ভুলতে সে কি পার ভুলিয়েছ মোর প্রাণ ॥
যদি তোমার দেখা না পাই প্রভু, এবার এ জীবনে তবে তোমায় আমি পাই নি যেন সে কথা রয় মনে। যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে। এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দু হাত ভরে ওঠে ধনে, তবু কিছুই আমি পাই নি যেন সে কথা রয় মনে। যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে। যদি আলসভরে আমি বসি পথের 'পরে, যদি ধুলায় শয়ন পাতি সযতনে, যেন সকল পথই বাকি আছে সে কথা রয় মনে। যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে। যতই উঠে হাসি, ঘরে যতই বাজে বাঁশি, ওগো যতই গৃহ সাজাই আয়োজনে, যেন তোমায় ঘরে হয় নি আনা সে কথা রয় মনে। যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে॥