যে কাল হরিয়া লয় ধন সেই কাল করিছে হরণ সে ধনের ক্ষতি। তাই বসুমতী নিত্য আছে বসুন্ধরা। একে একে পাখি যায়, গানের পসরা। কোথাও না হয় শূন্য, আঘাতের অন্ত নেই, তবুও অক্ষুণ্ন বিপুল সংসার। দুঃখ শুধু তোমার আমার নিমেষের বেড়া-ঘেরা এখানে ওখানে। সে বেড়া পারায়ে তাহা পৌঁছায় না নিখিলের পানে। ওরে তুমি, ওরে আমি, যেখানে তোদের যাত্রা একদিন যাবে থামি সেখানে দেখিতে পাবি ধন আর ক্ষতি তরঙ্গের ওঠা নামা,একই খেলা, একই তার গতি। কান্না আর হাসি এক বীণাতন্ত্রীতারে একই গান উঠিছে উচ্ছ্বাসি, একই শমে এসে মহামৌনে মিলে যায় শেষে। তোমার হৃদয়তাপ তোমার বিলাপ চাপা থাক্ আপনার ক্ষুদ্রতার তলে। যেইখানে লোকযাত্রা চলে সেখানে সবার সাথে নির্বিকার চলো একসারে, দেখা দাও শান্তিসৌম্য আপনারে -- যে-শান্তি মৃত্যুর প্রান্তে বৈরাগ্যে নিভৃত, আত্মসমাহিত; দিবসের যত ধূলিচিহ্ন, যত কিছু ক্ষত লুপ্ত হল যে শান্তির অন্তিম তিমিরে; সংসারের শেষ তীরে সপ্তর্ষির ধ্যানপুণ্য রাতে হারায় যে শান্তিসিন্ধু আপনারি অন্ত আপনাতে; যে শান্তি নিবিড় প্রেমে স্তব্ধ আছে থেমে, যে-প্রেম শরীরমন অতিক্রম করিয়া সুদূরে একান্ত মধুরে লভিয়াছে আপনার চরম বিস্মৃতি। সে পরম শান্তি-মাঝে হোক তব অচঞ্চল স্থিতি।
দূরে গিয়েছিলে চলি; বসন্তের আনন্দভাণ্ডার তখনো হয় নি নিঃস্ব; আমার বরণপুষ্পহার তখনো অম্লান ছিল ললাটে তোমার। হে অধীর, কোন্ অলিখিত লিপি দক্ষিণের উদ্ভ্রান্ত সমীর এনেছিল চিত্তে তব। তুমি গেলে বাঁশি লয়ে হাতে, ফিরে দেখ নাই চেয়ে আমি বসে আপন বীণাতে বাঁধিতেছিলাম সুর গুঞ্জরিয়া বসন্তপঞ্চমে, আমার অঙ্গনতলে আলো আর ছায়ার সংগমে কম্পমান আম্রতরু করেছিল চাঞ্চল্য বিস্তার সৌরভবিহ্বল শুক্লরাতে। সেই কুঞ্জগৃহদ্বার এতকাল মুক্ত ছিল। প্রতিদিন মোর দেহলিতে আঁকিয়াছি আলিপনা। প্রতিসন্ধ্যা বরণডালিতে গন্ধতৈলে জ্বালায়েছি দীপ। আজি কতকাল পরে যাত্রা তব হল অবসান। হেথা ফিরিবার তরে হেথা হতে গিয়েছিলে। হে পথিক, ছিল এ লিখন-- আমারে আড়াল করে আমারে করিবে অন্বেষণ; সুদূরের পথ দিয়ে নিকটেরে লাভ করিবারে আহ্বান লভিয়াছিলে সখা। আমার প্রাঙ্গণদ্বারে যে পথ করিলে শুরু সে পথের এখানেই শেষ। হে বন্ধু, কোরো না লজ্জা, মোর মনে নাই ক্ষোভলেশ, নাই অভিমানতাপ। করিব না ভর্ৎসনা তোমায়; গভীর বিচ্ছেদ আজি ভরিয়াছি অসীম ক্ষমায়। আমি আজি নবতর বধূ, আজি শুভদৃষ্টি তব বিরহগুণ্ঠনতলে দেখে যেন মোরে অভিনব অপূর্ব আনন্দরূপে, আজি যেন সকল সন্ধান প্রভাতে নক্ষত্রসম শুভ্রতায় লভে অবসান। আজি বাজিবে না বাঁশি, জ্বলিবে না প্রদীপের মালা, পরিব না রক্তাম্বর; আজিকার উৎসব নিরালা সর্ব-আভরণহীন। আকাশেতে প্রতিপদ-চাঁদ কৃষ্ণপক্ষ পার হয়ে পূর্ণতার প্রথম প্রসাদ লভিয়াছে। দিক্প্রান্তে তারি ওই ক্ষীণ নম্র কলা নীরবে বলুক আজি আমাদের সব কথা বলা।