রৌদ্রতাপ ঝাঁঝাঁ করে জনহীন বেলা দুপহরে। শূন্য চৌকির পানে চাহি, সেথায় সান্ত্বনালেশ নাহি। বুক ভরা তার হতাশের ভাষা যেন করে হাহাকার। শূন্যতার বাণী ওঠে করুণায় ভরা, মর্ম তার নাহি যায় ধরা। কুকুর মনিবহারা যেমন করুণ চোখে চায় অবুঝ মনের ব্যথা করে হায় হায়; কী হল যে, কেন হল, কিছু নাহি বোঝে-- দিনরাত ব্যর্থ চোখে চারি দিকে খোঁজে। চৌকির ভাষা যেন আরো বেশি করুণ কাতর, শূন্যতার মূক ব্যথা ব্যাপ্ত করে প্রিয়হীন ঘর।
আমার সকল কাঁটা ধন্য ক'রে ফুটবে গো ফুল ফুটবে। আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে। আমার অনেকদিনের আকাশ-চাওয়া আসবে ছুটে দখিন-হাওয়া হৃদয় আমার আকুল ক'রে সুগন্ধ ধন লুটবে। আমার লজ্জা যাবে যখন পাব দেবার মতো ধন। যখন রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আরাধন। আমার বন্ধু যখন রাত্রিশেষে পরশ তারে করবে এসে, ফুরিয়ে গিয়ে দলগুলি সব চরণে তার লুটবে।