জীবন আমার যে অমৃত আপন-মাঝে গোপন রাখে প্রতিদিনের আড়াল ভেঙে কবে আমি দেখব তাকে। তাহারি স্বাদ ক্ষণে ক্ষণে পেয়েছি তো আপন মনে, গন্ধ তারি মাঝে মাঝে উদাস ক'রে আমায় ডাকে। নানা রঙের ছায়ায় বোনা এই আলোকের অন্তরালে আনন্দরূপ লুকিয়ে আছে দেখব না কি যাবার কালে। যে নিরালায় তোমার দৃষ্টি আপনি দেখে আপন সৃষ্টি সেইখানে কি বারেক আমায় দাঁড় করাবে সবার ফাঁকে।
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে। আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে। বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তরী, এসো এসো পার হয়ে মোর হৃদয়-মাঝারে। তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে।