আমার বাণী আমার প্রাণে লাগে। যত তোমায় ডাকি, আমার আপন হৃদয় জাগে। শুধু তোমায় চাওয়া সে-ও আমার পাওয়া, তাই তো পরান পরানপণে হাত বাড়িয়ে মাগে। হায় অশক্ত, ভয়ে থাকিস পিছে! লাগলে সেবায় অশক্তি তোর আপনি হবে মিছে। পথ দেখাবার তরে যাব কাহার ঘরে, যেমনি আমি চলি, তোমার প্রদীপ চলে আগে।
শক্তির সংঘাত-মাঝে বিশ্বে যিনি শান্ত যিনি স্থির, কর্মতাপে মর্মদাহে তিনি দিন শান্তিসুধানীর। সংসারের আবর্তনে নির্বিচল যে মঙ্গলময়, দুঃখে সুখে ক্ষতি-লাভে তিনি দিন ভয়হীন জয়। বিশ্বের বৈচিত্র৻-মাঝে যিনি এক যিনি অদ্বিতীয়, নিখিলেরে নিশিদিন করে দিন আমাদের প্রিয়। তিনিই আমার পিতা-- বলো, মন, বলো "পিতা নোহসি'।