আলোকের অন্তরে যে আনন্দের পরশন পাই, জানি আমি তার সাথে আমার আত্মার ভেদ নাই এক আদি জ্যোতি-উৎস হতে চৈতন্যের পুণ্যস্রোতে আমার হয়েছে অভিষেক, ললাটে দিয়েছে জয়লেখ, জানায়েছে অমৃতের আমি অধিকারী; পরম-আমির সাথে যুক্ত হতে পারি বিচিত্র জগতে প্রবেশ লভিতে পারি আনন্দের পথে।
আজ ফুল ফুটেছে মোর আসনের ডাইনে বাঁয়ে; পূজার ছায়ে। ওরা মিশায় ওদের নীরব ক্লান্তি আমার গানে, আমার প্রাণে। ওরা নেয় তুলে মোর কণ্ঠ ওদের সকল গায়ে পূজার ছায়ে। হেথায় সাড়া পেল বাহির হল প্রভাত-রবি অমল-ছবি। সে যে আলোটি তার মিলিয়ে দিল আমার মাথে প্রণাম-সাথে। সে যে আমার চোখে দেখে নিল আমার মায়ে পূজার ছায়ে।