খড়দয়ে যেতে যদি সোজা এস খুল্না যত কেন রাগ কর, কে বলে তা ভুল না। মালা গাঁথা পণ ক'রে আন যদি আমড়া, রাগ করে বেত মেরে ফাটাও-না চামড়া, তবুও বলতে হবে-- ও জিনিস ফুল না। বেঞ্চিতে বসে তুমি বল যদি 'দোল দাও', চটে-মটে শেষে যদি কড়া কড়া বোল দাও, পষ্ট বুঝিয়ে দেব-- ওটা নয় ঝুল্না। যদি বা মাথার গোলে ঘরে এসে বসবার হাঁটুতে বুরুষ করো একমনে দশবার, কী করি, বলতে হবে-- ওখানে তো চুল না।
সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভ'রে। হারিয়ে তোমায় গোপন রেখেছি, পেয়ে আবার হারাই মিলন-ঘোরে। চিরজীবন আমার বীণা-তারে তোমার আঘাত লাগল বারে বারে, তাই তো আমার নানা সুরের তানে তোমার পরশ প্রাণে নিলেম ধ'রে। আজ তো আমি ভয় করি নে আর লীলা যদি ফুরায় হেথাকার। নূতন আলোয় নূতন অন্ধকারে লও যদি বা নূতন সিন্ধুপারে তবু তুমি সেই তো আমার তুমি, আবার তোমায় চিনব নূতন ক'রে।