আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে তখন আপনি এসে দ্বার খুলে দাও ডাকো তারে। বাহুপাশের কাঙাল সে যে, চলেছে তাই সকল ত্যেজে, কাঁটার পথে ধায় সে তোমার অভিসারে; আপনি এসে দ্বার খুলে দাও ডাকো তারে। আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে সেই গানের টানে পার না আর রইতে দূরে। লুটিয়ে পড়ে সে গান মম ঝড়ের রাতের পাখি সম, বাহির হয়ে এস তুমি অন্ধকারে; আপনি এসে দ্বার খুলে দাও ডাকো তারে।
তোমারে পাছে সহজে বুঝি তাই কি এত লীলার ছল, বাহিরে যবে হাসির ছটা ভিতরে থাকে আঁখির জল। বুঝি গো আমি বুঝি গো তব ছলনা, যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বল না। তোমারে পাছে সহজে ধরি কিছুরই তব কিনারা নাই-- দশের দলে টানি গো পাছে বিরূপ তুমি, বিমুখ তাই। বুঝি গো আমি বুঝি গো তব ছলনা, যে পথে তুমি চলিতে চাও সে পথে তুমি চল না। সবার চেয়ে অধিক চাহ তাই কি তুমি ফিরিয়া যাও-- হেলার ভরে খেলার মতো ভিক্ষাঝুলি ভাসায়ে দাও। বুঝেছি আমি বুঝেছি তব ছলনা, সবার যাহে তৃপ্তি হল তোমার তাহে হল না।