হাসির কুসুম আনিল সে ডালি ভরি, আমি আনিলাম দুখবাদলের ফল। শুধালেম তারে, "যদি এ বদল করি হার হবে কার বল্।' হাসি কৌতুকে কহিল সে সুন্দরী, "এসো-না, বদল করি। দিয়ে মোর হার লব ফলভার অশ্রুর রসে ভরা।' চাহিয়া দেখিনু মুখপানে তার নিদয়া সে মনোহরা। সে লইল তুলে আমার ফলের ডালা, করতালি দিল হাসিয়া সকৌতুকে। আমি লইলাম তাহার ফুলের মালা, তুলিয়া ধরিনু বুকে। "মোর হল জয়' হেসে হেসে কয়, দূরে চলে গেল ত্বরা। উঠিল তপন মধ্যগগনদেশে, আসিল দারুণ খরা-- সন্ধ্যায় দেখি তপ্ত দিনের শেষে ফুলগুলি সব ঝরা।
লাঙল কাঁদিয়া বলে ছাড়ি দিয়ে গলা, তুই কোথা হতে এলি ওরে ভাই ফলা? যেদিন আমার সাথে তোরে দিল জুড়ি সেই দিন হতে মোর মাথা-খোঁড়াখুঁড়ি। ফলা কহে, ভালো ভাই, আমি যাই খ'সে, দেখি তুমি কী আরামে থাক ঘরে ব'সে। ফলাখানা টুটে গেল, হল্খানা তাই খুশি হয়ে পড়ে থাকে, কোনো কর্ম নাই। চাষা বলে, এ আপদ আর কেন রাখা, এরে আজ চালা করে ধরাইব আখা। হল্ বলে, ওরে ফলা, আয় ভাই ধেয়ে-- খাটুনি যে ভালো ছিল জ্বলুনির চেয়ে।