মা কেহ কি আছ মোর, কাছে এসো তবে, পাশে বসে স্নেহ ক'রে জাগাও আমায়। স্বপ্নের সমাধিমাঝে বাঁচিয়া কী হবে, যুঝিতেছি জাগিবারে--আঁখি রুদ্ধ হায়। ডেকো না ডেকো না মোরে ক্ষুদ্রতার মাঝে, স্নেহময় আলস্যেতে রেখো না বাঁধিয়া, আশীর্বাদ করে মোরে পাঠাও গো কাজে-- পিছনে ডেকো না আর কাতরে কাঁদিয়া। মোর বলে কাহারেও দেব না কি বল, মোর প্রাণে পাবে না কি কেহ নব প্রাণ। করুণা কি শুধু ফেলে নয়নের জল, প্রেম কি ঘরের কোণে গাহে শুধু গান? তবেই ঘুচিবে মোর জীবনের লাজ যদি মা করিতে পারি কারো কোনো কাজ॥
দেখিনু যে এক আশার স্বপন শুধু তা স্বপন, স্বপনময়-- স্বপন বই সে কিছুই নয়। অবশ হৃদয় অবসাদময় হারাইয়া সুখ শ্রান্ত অতিশয়-- আজিকে উঠিনু জাগি কেবল একটি স্বপন লাগি! বীণাটি আমার নীরব হইয়া গেছে গীতগান ভুলি, ছিঁড়িয়া টুটিয়া ফেলেছি তাহার একে একে তারগুলি। নীরব হইয়া রয়েছে পড়িয়া সুদূর শ্মশান-'পরে, কেবল একটি স্বপন-তরে! থাম্ থাম্ ওরে হৃদয় আমার, থাম্ থাম্ একেবারে, নিতান্তই যদি টুটিয়া পড়িবি একেবারে ভেঙে যা রে-- এই তোর কাছে মাগি। আমার জগৎ, আমার হৃদয়-- আগে যাহা ছিল এখন তা নয় কেবল একটি স্বপন লাগি।