বল তো এই বারের মতো, প্রভু, তোমার আঙিনাতে তুলি আমার ফসল যত। কিছু বা ফল গেছে ঝরে, কিছু বা ফল আছে ধরে, বছর হয়ে এল গত। রোদের দিনে ছায়ায় বসে বাজায় বাঁশি রাখাল যত। হুকুম তুমি কর যদি চৈত্র-হাওয়ায় পাল তুলে দিই, ওই যে মেতে ওঠে নদী। পার করে নিই ভরা তরী, মাঠের যা কাজ সারা করি ঘরের কাজে হই গো রত। এবার আমার মাথার বোঝা পায়ে তোমার করি নত।
অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে। আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে। তেমনি করে আপন হাতে ছুঁলে আমার বেদনাতে, নূতন সৃষ্টি জাগল বুঝি জীবন-'পরে। বাজে বলেই বাজাও তুমি-- সেই গরবে ওগো প্রভু,আমার প্রাণে সকল স'বে। বিষম তোমার বহ্নিঘাতে বারে বারে আমার রাতে জ্বালিয়ে দিলে নূতন তারা ব্যথায় ভরে।