হেলাফেলা সারাবেলা এ কী খেলা আপন-সনে! এই বাতাসে ফুলের বাসে মুখখানি কার পড়ে মনে! আঁখির কাছে বেড়ায় ভাসি কে জানে গো কাহার হাসি! দুটি ফোঁটা নয়নসলিল রেখে যায় এই নয়ন কোণে। কোন্ ছায়াতে কোন্ উদাসী দূরে বাজায় অলস বাঁশি, মনে হয় কার মনের বেদন কেঁদে বেড়ায় বাঁশির গানে। সারা দিন গাঁথি গান কারে চাহে, গাহে প্রাণ, তরুতলের ছায়ার মতন বসে আছি ফুলবনে।
হিংস্র রাত্রি আসে চুপে চুপে, গতবল শরীরের শিথিল অর্গল ভেঙে দিয়ে অন্তরে প্রবেশ করে, হরণ করিতে থাকে জীবনের গৌরবের রূপ কালিমার আক্রমণে হার মানে মন। এ পরাভবের লজ্জা এ অবসাদের অপমান যখন ঘনিয়ে ওঠে সহসা দিগন্তে দেখা দেয় দিনের পতাকাখানি স্বর্ণকিরণের রেখা-আঁকা; আকাশের যেন কোন্ দূর কেন্দ্র হতে উঠে ধ্বনি "মিথ্যা মিথ্যা' বলি। প্রভাতের প্রসন্ন আলোকে দুঃখবিজয়ীর মূর্তি দেখি আপনার জীর্ণদেহদুর্গের শিখরে।