দুঃখ যে তোর নয় রে চিরন্তন। পার আছে এর-- এই সাগরের বিপুল ক্রন্দন। এই জীবনের ব্যথা যত এইখানে সব হবে গত-- চিরপ্রাণের আলয়-মাঝে বিপুল সান্ত্বন। মরণ যে তোর নয় রে চিরন্তন। দুয়ার তাহার পেরিয়ে যাবি, ছিঁড়বে রে বন্ধন। এ বেলা তোর যদি ঝড়ে পূজার কুসুম ঝরে পড়ে যাবার বেলায় ভরবি থালায় মালা ও চন্দন।
বহিয়া হালকা বোঝা চলে যায় দিন তার অবকাশ দেয় না সে কোনো দুশ্চিন্তার! সম্বল কম বটে, আছে বটে ঋণ দায়-- অনুরাগ নেই তবু ভাগ্যের নিন্দায়। পাড়া-প্রতিবেশীদের কটুতম ভাষ্যে নীরব জবাব তার স্মিত ঔদাস্যে জন্ম নেবার কালে পেয়েছিল যৌতুক ভাঙাচোরা জীবনের বিদ্রূপে-- কৌতুক।