জানি নাই গো সাধন তোমার বলে কারে। আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে। অবোধ আমি ছিলেম বলে যেমন খুশি এলেম চলে ভয় করি নি তোমায় আমি অন্ধকারে। তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে "পথ দিয়ে তুই আসিস নি যে ফিরে যা রে।" ফেরার পন্থা বন্ধ ক'রে আপনি বাঁধো বাহুর ডোরে, ওরা আমায় মিথ্যা ডাকে বারে বারে।
ঘোষালের বক্তৃতা করা কর্তব্যই, বেঞ্চি চৌকি আদি আছে সব দ্রব্যই। মাতৃভূমির লাগি পাড়া ঘুরে মরেছে, একশো টিকিট বিলি নিজ হাতে করেছে। চোখ বুজে ভাবে, বুঝি এল সব সভ্যই। চোখ চেয়ে দেখে, বাকি শুধু নিরেনব্বই।