কেন নয়ন আপনি ভেসে যায় জলে। কেন মন কেন এমন করে॥ যেন সহসা কী কথা মনে পড়ে-- মনে পড়ে না গো তবু মনে পড়ে॥ চারি দিকে সব মধুর নীরব, কেন আমারি পরান কেঁদে মরে। কেন মন কেন এমন কেন রে॥ যেন কাহার বচন দিয়েছে বেদন, যেন কে ফিরে গিয়েছে অনাদরে-- বাজে তারি অযতন প্রাণের 'পরে। যেন সহসা কী কথা মনে পড়ে-- মনে পড়ে না গো তবু মনে পড়ে॥
কূল থেকে মোর গানের তরী দিলেম খুলে, সাগর-মাঝে ভাসিয়ে দিলেম পালটি তুলে ॥ যেখানে ঐ কোকিল ডাকে ছায়াতলে সেখানে নয়, যেখানে ঐ গ্রামের বধূ আসে জলে সেখানে নয়, যেখানে নীল মরণলীলা উঠছে দুলে সেখানে মোর গানের তরী দিলেম খুলে ॥ এবার, বীণা, তোমায় আমায় আমরা একা-- অন্ধকারে নাইবা কারে গেল দেখা॥ কুঞ্জবনের শাখা হতে যে ফুল তোলে সে ফুল এ নয়, বাতায়নের লতা হতে যে ফুল দোলে সে ফুল এ নয়-- দিশাহারা আকাশ-ভরা সুরের ফুলে সেই দিকে মোর গানের তরী দিলেম খুলে ॥