পাখি আমার নীড়ের পাখি অধীর হল কেন জানি-- আকাশ-কোণে যায় শোনা কি ভোরের আলোর কানাকানি॥ ডাক উঠেছে মেঘে মেঘে অলস পাখা উঠল জেগে-- লাগল তারে উদাসী ওই নীল গগনের পরশখানি॥ আমার নীড়ের পাখি এবার উধাও হল আকাশ-মাঝে যায় নি কারো সন্ধানে সে, যায় নি যে সে কোনো কাজে। গানের ভরা উঠল ভরে, চায় দিতে তাই উজাড় করে-- নীরব গানের সাগর-মাঝে আপন প্রাণের সকল বাণী॥
অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। এবার হৃদয়-মাঝে লুকিয়ে বোসো, কেউ জানবে না, কেউ বলবে না। বিশ্বে তোমার লুকোচুরি, দেশ-বিদেশে কতই ঘুরি, এবার বলো, আমার মনের কোণে দেবে ধরা, ছলবে না॥ জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয়-- সখা, তোমার হাওয়া লাগলে হিয়ায় তবু কি প্রাণ গলবে না? নাহয় আমার নাই সাধনা-- ঝরলে তোমার কৃপার কণা তখন নিমেষে কি ফুটবে না ফুল, চকিতে ফল ফলবে না॥