এ শুধু অলস মায়া, এ শুধু মেঘের খেলা, এ শুধু মনের সাধ বাতাসেতে বিসর্জন। এ শুধু আপনমনে মালা গেঁথে ছিঁড়ে ফেলা, নিমেষের হাসিকান্না গান গেয়ে সমাপন। শ্যামল পল্লবপাতে রবিকরে সারা বেলা আপনারই ছায়া লয়ে খেলা করে ফুলগুলি-- এও সেই ছায়াখেলা বসন্তের সমীরণে। কুহকের দেশে যেন সাধ ক'রে পথ ভুলি হেথা হোথা ঘুরি ফিরি সারা দিন আনমনে। কারে যেন দেব' ব'লে কোথা যেন ফুল তুলি-- সন্ধ্যায় মলিন ফুল উড়ে যায় বনে বনে। এ খেলা খেলিবে, হায়, খেলার সাথি কে আছে। ভুলে ভুলে গান গাই-- কে শোনে, কে নাই শোনে-- যদি কিছু মনে পড়ে, যদি কেহ আসে কাছে॥
সুনীল সাগরের শ্যামল কিনারে দেখেছি পথে যেতে তুলনাহীনারে॥ এ কথা কভু আর পারে না ঘুচিতে, আছে সে নিখিলের মাধুরীরুচিতে। এ কথা শিখানু যে আমার বীণারে, গানেতে চিনালেম সে চির-চিনারে॥ সে কথা সুরে সুরে ছড়াব পিছনে স্বপনফসলের বিছনে বিছনে। মধুপগুঞ্জে সে লহরী তুলিবে, কুসুমকুঞ্জে সে পবনে দুলিবে, ঝরিবে শ্রাবণের বাদলসিচনে। শরতে ক্ষীণ মেঘে ভাসিবে আকাশে স্মরণবেদনার বরনে আঁকা সে। চকিতে ক্ষণে ক্ষণে পাব যে তাহারে ইমনে কেদারায় বেহাগে বাহারে॥