প্রভু, আজি তোমার দক্ষিণ হাত রেখো না ঢাকি। এসেছি তোমারে, হে নাথ, পরাতে রাখী॥ যদি বাঁধি তোমার হাতে পড়ব বাঁধা সবার সাথে, যেখানে যে আছে কেহই রবে না বাকি॥ আজি যেন ভেদ নাহি রয় আপনা পরে, তোমায় যেন এক দেখি হে বাহিরে ঘরে। তোমা-সাথে যে বিচ্ছেদে ঘুরে বেড়াই কেঁদে কেঁদে ক্ষণেক-তরে ঘুচাতে তাই তোমারে ডাকি॥
পূর্বাচলের পানে তাকাই অস্তাচলের ধারে আসি। ডাক দিয়ে যার সাড়া না পাই তার লাগি আজ বাজাই বাঁশি॥ যখন এ কূল যাব ছাড়ি পারের খেয়ায় দেব পাড়ি, মোর ফাগুনের গানের বোঝা বাঁশির সাথে যাবে ভাসি॥ সেই-যে আমার বনের গলি রঙিন ফুলে ছিল আঁকা সেই ফুলেরই ছিন্ন দলে চিহ্ন যে তার পড়ল ঢাকা। মাঝে মাঝে কোন্ বাতাসে চেনা দিনের গন্ধ আসে, হঠাৎ বুকে চমক লাগায় আধ-ভোলা সেই কান্নাহাসি॥