না না কাজ নাই, যেও না বাছা,-- গভীরা রজনী, ঘোর ঘন গরজে, তুই যে এ অন্ধের নয়নতারা। আর কে আমার আছে! কেহ নাই, কেহ নাই-- তুই শুধু রয়েছিস হৃদয় জুড়ায়ে-- তোরেও কি হারাব বাছা রে, সে ত প্রাণে স'বে না!
তুমি যে আমারে চাও আমি সে জানি। কেন যে মোরে কাঁদাও আমি সে জানি ॥ এ আলোকে এ আঁধারে কেন তুমি আপনারে ছায়াখানি দিয়ে ছাও আমি সে জানি ॥ সারাদিন নানা কাজে কেন তুমি নানা সাজে কত সুরে ডাক দাও আমি সে জানি। সারা হলে দে'য়া-নে'য়া দিনান্তের শেষ খেয়া কোন্ দিক-পানে বাও আমি সে জানি ॥