পথ দিয়ে কে যায় গো চলে ডাক দিয়ে সে যায়। আমার ঘরে থাকাই দায়॥ পথের হাওয়ায় কী সুর বাজে, বাজে আমার বুকের মাঝে-- বাজে বেদনায়॥ পূর্ণিমাতে সাগর হতে ছুটে এল বান, আমার লাগল প্রাণে টান। আপন মনে মেলে আঁখি আর কেন বা পড়ে থাকি কিসের ভাবনায়॥
তোমার শেষের গানের রেশ নিয়ে কানে চলে এসেছি। কেউ কি তা জানে॥ তোমার আছে গানে গানে গাওয়া, আমার কেবল চোখে চোখে চাওয়া-- মনে মনে মনের কথাখানি বলে এসেছি কেউ কি তা জানে॥ ওদের নেশা তখন ধরে নাই, রঙিন রসে প্যালা ভরে নাই। তখনো তো কতই আনাগোনা, নতুন লোকের নতুন চেনাশোনা-- ফিরে ফিরে ফিরে-আসার আশা দ'লে এসেছি কেউ কি তা জানে॥